বিএনপি ক্ষমতায় গেলে হাওরপাড়ের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন, ‘বিগত ফ্যাস্টিস সরকারের অব্যবস্থাপনা-অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস এবং অবৈধ কাঠ-মাছের ব্যবসা করে টাঙ্গুয়ার হাওরকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওরপাড়ের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওরের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। কোনো ধরণের দখল বা লুটপাট হতে দেওয়া হবে না। হাওর পরিচালনায় স্বচ্ছতা থাকবে।’
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
টাঙ্গুয়ার হাওরের হারানো পরিবেশ ও প্রকৃতিকে পূর্বের রূপে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আনিসুল হক বলেন, ‘টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের ভাণ্ডার। এই হাওর পরিবেশ, মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন এবং জীববৈচিত্র্য সবকিছুর সাথেই মানুষের বেঁচে থাকা নির্ভরশীল। হাওরের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার, আগাম বন্যা মোকাবেলায় বৈজ্ঞানিক অ্যালার্ট সিস্টেম চালু করা এবং কৃষকদের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। হাওরপাড়ের মানুষ উন্নয়ন চায়, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে হাওর পাড়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।’
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ হাওরপাড়ের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক সাধারণ মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।